ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড
কেশবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গাঁজা সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাতে কেশবপুর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। রামকৃষ্ণপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (৩২), বাজিতপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ হুমায়ূন কবির (২১) এবং টাইগার পয়েন্ট এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ রায়হান মোড়ল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, সোমবার (২৭ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে পাঁচজনকে সাজা দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বায়সা গ্রামের আব্দুল মোমিন (৩৭), বায়সা নূরপুর গ্রামের আলিমুল ইসলাম (২২) এবং ব্রহ্মকাটি গ্রামের জাহিদ হোসেন সবুজ (৩২)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মির্জাপুর গ্রামের রাজু হোসেন (২০) এবং মেহেরপুর গ্রামের নূর আলম (২১)-কে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন জানান, ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের পাশাপাশি নিয়মিত মামলার আসামিদেরও আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























