ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে যশোরে যুবককে হাতুড়িপেটা
- আপডেট সময় : ১০:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার সাত মাইল বাজারে শামীম হোসেন (২৬) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে সাত মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শামীম হোসেন যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার মাথায় আঘাত রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ‘শেখের বেটি আসতেছে’ লিখে একটি মন্তব্য করার জেরে স্থানীয় কয়েকজন শামীমের ওপর ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, দুপুর ১২টার দিকে সাত মাইল বাজারে মথুরাপুর গ্রামের সাবলু (৩২), মানিকদিহ গ্রামের শরিফ (৩০) এবং সাত মাইল বাজারের সাজ্জাদের (৩৫) নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন শামীমের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা একপর্যায়ে হাতুড়ি দিয়ে শামীমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















